Sobujbangla.com | দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
News Head

দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।

  |  ২১:৫১, এপ্রিল ১৭, ২০২৬

ভিন্নমত থাকলেও, দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,ভিন্ন মত থাকলেও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি।
জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ নাগরিক অধিকার ভোগ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠী, সমতলের বিভিন্ন জনগোষ্ঠী, উপজাতি, জাতিসত্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ নানা সম্প্রদায় রয়েছে। এসব জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি।
এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তির বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও, বাংলাদেশ সবার। দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।  
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ