Sobujbangla.com | ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক পুলিশ কনস্টেবল।
News Head

ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক পুলিশ কনস্টেবল।

  |  ১৫:১২, সেপ্টেম্বর ২২, ২০২১

নোয়াখালী পৌরসভার জামতলা এলাকায় অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (২৪) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত মো. শহীদুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে। সে কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জামতলা এলাকায় অভিযান চালায় নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ইয়াবা বিক্রিকালে হাতেনাতে কনস্টেবল শহীদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে আরও ইয়াবা আছে বলে স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিনোদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে নারায়ণপুর গ্রামের একটি কবরস্থান থেকে আরও ২১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কক্সবাজার তার কর্মস্থল হওয়ায় সেখান থেকে ইয়াবা এনে নোয়াখালীতে বিক্রি করতো সে।

এ বিভাগের অন্যান্য সংবাদ