Sobujbangla.com | আগস্ট মাসে কোনো বিশৃঙ্খলা চাই না: বরিশাল মেয়র।
News Head

আগস্ট মাসে কোনো বিশৃঙ্খলা চাই না: বরিশাল মেয়র।

  |  ২৩:০১, আগস্ট ২১, ২০২১

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলার ঘটনায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)-এর মেয়র সাদিক আবদুল্লাহ। এসময় তিনি ওই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেন। তিনি বলেন, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি, বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি, পুরো ভিডিও ফুটেজটা আমরা দেখতে চাচ্ছি। আমাদের চাহিদা বেশি না, পুরো ভিডিওটা আমরা দেখতে চাই। সবাই বলছে, সেটা দেখে আমি যদি অপরাধী হয়ে থাকি বা আমার দলের নেতাকর্মীরা যদি অপরাধী হয়ে থাকে এটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজ সন্ধ্যা ৭টার দিকে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  মেয়র বলেন, আগষ্ট মাসে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। এ মাসে আমি আমার পরিবারকে হারিয়েছি। আমার মনে বা আমার বাবার মনে কী চলছে এটা আমরা বুঝি। করলে অনেক কিছুই হতো। কিন্তু আমরা কার বিরুদ্ধে করব। যেটাই হবে সেটাই আমার দলের বিরুদ্ধে যাবে, সেটাই আমার নেত্রীর বিরুদ্ধে যাবে। আমরা কাজ করি তার জন্য। প্রয়োজনে পদ ছেড়ে দেব। তিনি বলেন, আমার কারণে আওয়ামী লীগের ক্ষতি আমি কখনোই চাইব না। সেই জায়গা থেকে প্রয়োজনে পদ ছেড়ে দিতেও আমার কোনো অসুবিধা নেই। তিনি আরও বলেন, আমি বার বার বলি আওয়ামী লীগ আছে, আমি সাদিক আব্দুল্লাহ আছি। আওয়ামী লীগ যদি না থাকে আমি সাদিক আবদুল্লাহর কোনো মূল্য নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ