Sobujbangla.com | রিমান্ডে গুজব ছড়ানো সেই সাত যুবক।
News Head

রিমান্ডে গুজব ছড়ানো সেই সাত যুবক।

  |  ২১:০৯, আগস্ট ০৯, ২০২১

সিলেটের আর্মি ক্যাম্পে আগুন’ এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো সাত যুবককে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে যাদের নেয়অ হয়েছে তারা হলেন- গোলাপগঞ্জের তুরুগাঁও এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান, সিলেটের শাহপরাণ থানার পীরেরচক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলাউদ্দিন আলাল, গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন। একই উপজেলার আওই (বানীড়গ্রাম) এলাকার মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম, সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ ও এয়ারপোর্ট থানার আটপিয়ারী গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না। সোমবার পুলিশ গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৫ জুলাই তাদের আটক করে র‌্যাব। মামলার তদন্ত কর্মকর্তা ও এসএমপির শাহপরাণ থানার এসআই দেবাংশু পাল বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব কর্মকর্তা সোমেন মজুমদার জানান, ২২ জুলাই রাতে আটকরা সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ক্যাম্পে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গুজব রটানাকারীদের গ্রেপ্তার করতে অভিযানে নামে র‌্যাবের সাইবার মনিটরিং টিম। পরে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাদের শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ