Sobujbangla.com | সম্পদ নয়, ছাত্রলীগ নেতাকর্মীদের আদর্শে মনোযোগ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।
News Head

সম্পদ নয়, ছাত্রলীগ নেতাকর্মীদের আদর্শে মনোযোগ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।

  |  ২০:২৪, জানুয়ারি ০৪, ২০২১

অর্থ-সম্পদের দিকে নজর না দিয়ে আদর্শবান নেতা হিসেবে গড়ে উঠতে ছাত্রলীগ কর্মীদের নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আদেশ দেন। সেই সাথে মহামারীর সময়ে ঘরে বসে থাকার সময়টুকু জ্ঞান অর্জনে ব্যয় করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন শেখ হাসিনা।
ভাষা-দেশ থেকে শুরু করে নানা অর্জনের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে থাকা সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ।
গৌরব-ঐতিহ্য-সংগ্রাম-সাফল্যের পথ বেয়ে প্রতিষ্ঠার ৭৩ বছর পূর্ণ করলো বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি। এ উপলক্ষ্যে বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে হয় আলোচনা সভা। গণভবন থেকে এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নীতি ও আদর্শ নিয়ে পথ চলতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রত্যেককে সম্মান করে চলতে হবে। গড়ে উঠতে হবে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী হয়ে।
করোনাকালে ভূমিকার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশংসা করেন সরকার প্রধান।
মহামারী মোকাবিলায় আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় ঘরে বসে না থেকে জ্ঞান অর্জনের পরামর্শ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ