Sobujbangla.com | টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা হত্যায় মামলা, গ্রেপ্তার ২
News Head

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা হত্যায় মামলা, গ্রেপ্তার ২

  |  ১৫:৩০, অক্টোবর ৩১, ২০২০

টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে মুক্তিযোদ্ধাকে মারধরে হত্যার ঘটনায়, দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে বাসাইল থানায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ছেলে। গতকাল বিকেলে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে সালিশ বসে। তর্কাতর্কির এক পর্যায়ে মারধর করা হলে, আহত অবস্থায় নেয়া হয় জেলা সদর হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের।
বেশ কিছুদিন ধরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটরা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সাথে পুকুরের মাছ নিয়ে প্রতিবেশী আবু খানের বিরোধ চলে আসছিলো। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে শুক্রবার বিকেলে সালিশ বসে। সালিশের এক পর্যায়ে আবু খান ও তার লোকেরা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেন স্বজন ও স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।  জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ