Sobujbangla.com | মশার লার্ভা: ১৭ ভবনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
News Head

মশার লার্ভা: ১৭ ভবনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

  |  ২০:৪৪, জুলাই ১২, ২০২১

এডিস মশার লার্ভা পাওয়ায় ওয়াসা ও গণপূর্তের মালিকানাধীন ৩ ভবনসহ ১৭ ভবনকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ছয়টি ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জুলাই) সিটি করপোরেশনের ২-৫ ও ১০ নম্বর অঞ্চলের আনিকবৃন্দ ও সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে নগরীর এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অঞ্চল-১ এর আনিক মেরীনা নাজনীন ১৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অঞ্চল-২ এর আনিকের তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ১০নং ওয়ার্ড এলাকার ৫০টি ভবন পরিদর্শন করেন। এ সময় রাজারবাগ পুলিশ লাইনস্থ টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন ৩টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর ১৪ নম্বর ওয়ার্ডে অভিযানকালে ১৫টি স্থাপনা পরিদর্শন করেন এবং গ্রিন এগ্রো ট্যানারিতে মশার লার্ভা পাওয়ায় ট্যানারি মালিককে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন। অঞ্চল-৪ এর আনিক মো. হায়দর আলী কাজী আলাউদ্দিন রোডের ২৫টি বাড়ি ও নির্মাণধীন ভবন পরিদর্শন করেন। এ সময় আজাহার মার্কেটের বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার এবং একটি বাড়ির ছাদে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন। অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান আগামীকালও চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ